নিজস্ব প্রতিবেদন: মাদক-যোগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে এনসিবি। রবিবার, সোমবার জেরার পর মঙ্গলবারও ডেকে পাঠানো হয়েছিল রিয়াকে (Rhea Chakraborty)। মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু এদিন গ্রেফতারির আগে টি-শার্টে বার্তা দিলেন রিয়া। তাঁর টি-শার্টে লেখা, এসো ধ্বংস করি পিতৃতন্ত্রকে।
রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) একটি কালো টি-শার্ট পরে আসেন এনসিবি দফতরে। তাতে ইংরেজিতে লেখা,’Roses are red, violets are blue, let’s smash the patriarchy, me and you।’ বাংলা তর্জমা করলে দাঁড়ায়, গোলাপ লাল, বেগুনি নীল, আসো আমি আর তুমি ধ্বংস করি পিতৃতন্ত্রকে।’
রবিবার এনসিবি দফতরে রিয়া হাজিরা দেওয়ার সময় তাঁকে ঘিরে ধরেছিল সংবাদমাধ্যমের একাংশের। অনেকেই বলছেন, এটা রীতিমতো অভিনেত্রীকে হেনস্থার সামিল। সুশান্তের মৃত্যুতে যেভাবে রিয়াকে টার্গেট করা হচ্ছে, তাতে পিতৃত্বতান্ত্রিক মানসিকতা রয়েছে বলেও মত অনেকের। তাঁদের যুক্তি, ভারতীয় সমাজেই পুরুষের কিছু হলে পরিবার স্ত্রী বা বান্ধবীকে কাঠগড়ায় তোলে। সুশান্ত মৃত্যুতেও সেটাই প্রতিফলিত হয়েছে।
রবি ও সোমবার জেরার পর রিয়াকে মঙ্গলবারও ডেকে পাঠানো হয় এনসিবি দফতরে। সেখানে তাঁকে দুপুরে গ্রেফতার করা হয়। বিকেলে মেডিক্যাল পরীক্ষা করা হয় রিয়ার। এরপর আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। রিয়াকে হেফাজতে চাওয়া হবে না বলে স্পষ্ট করেছিল এনসিবি (Narcotics Control Bureau)। সংস্থার আধিকারিক মুথা অশোক জৈন বলেন,”রিয়ার বিরুদ্ধে প্রমাণ রয়েছে আমাদের হাতে। সে জন্যই গ্রেফতার করেছি। তবে হেফাজতে নেওয়ার দরকার নেই। তাঁকে জেরা করে আমরা সন্তুষ্ট। আর রিয়ার জবাবে মিলিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তো কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে।”
আরও পড়ুন- মাদকচক্রে বলিউডের ২০-২৫ জন তারকা, NCB-কে ধরে ধরে নাম ফাঁস করলেন রিয়া