নিজস্ব প্রতিবেদন: নারদা-মামলায় রাতে নাটকীয় মোড়। নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি বুধবার। ফলে সিবিআই হেফাজতেই থাকতে হবে ৪ ধৃতকে।
সকালে নারদা ঘুষকাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। ধৃতদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের আবেদন করেছিল সিবিআই। সেই আর্জি খারিজ করে সন্ধেয় তাঁদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সিবিআইয়ের বিশেষ আদালত। তার পরই জামিনের বিরোধিতা করে হাইকোর্টের শরণাপন্ন হয় সিবিআই। তারা সওয়াল করে, মামলা ভিন রাজ্যে স্থানান্তর করা হোক। এখানে সুষ্ঠুভাবে তদন্ত চালানো সম্ভব নয়। এ ব্যাপারে নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভকে নজির হিসেবে তুলে ধরে সিবিআই।
