নিজস্ব প্রতিবেদন: কামারহাটি জুট মিলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বেলঘড়িয়া থানার পুলিস।
কামারহাটি জুট মিলে রাত সাড়ে নটা নাগাদ ব্যাচিং ডিপার্টমেন্টে পাট ঘরে আগুন লাগে বলে জানা গিয়েছে। পাট ঘরে একটি তেলের ট্যাঙ্কার রয়েছে। সেই ট্যাঙ্কারের মটর থেকে আগুন লাগে। রাতারাতি খবর দেওয়া হয় দমকলে। কামারহাটি, বরানগর, পানিহাটি থেকে তিনটে জায়গা থেকে দমকলের ইঞ্জিন আসে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বেলঘড়িয়া থানার পুলিস বাহিনী। বি শিফটে আগুন লেগে যাওয়ায় নাইট শিফটের কাজ বন্ধ করা হয়েছে।
আগুন লাগার মুহূর্তে প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করছিলেন। আগামীকাল এবং শনিবার বন্ধ থাকবে কারখানা। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।
