অসম পুলিশের মধ্যে কোভিড সংক্রমণের আর অত্যন্ত বেশি হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের উপেক্ষা করেননি। গুয়াহাটির বিভিন্ন রাস্তায় কর্মরত পুলিশকর্মীদের সঙ্গে এদিন সাক্ষাত্ করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। এদিন তিনি কতগুলি নতুন থানারও উদ্বোধন করেন।
অসমে এ পর্যন্ত করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৫৮ হাজার ৮৩৭ জন। এর মধ্যে ৪২ হাজার ৩২৫ জন হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে গিয়েছেন। রাজ্যে করোনায় মারা গিয়েছেন ১৪৫ জন। বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৩৬৪।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ কী দ্রুততায় বাড়ছে তার জন্য একটি পরিসংখ্যানই যথেষ্ট। ১০ লক্ষ আক্রান্ত বেড়ে ২২ লক্ষ হতে সময় নিয়েছে মাত্র ২৪ দিন। শেষ চার দিন ধরে লাগাতার গড়ে ৬০ হাজারের বেশি কোভিড-১৯ পজিটিভ কেস ধরা পড়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক রিপোর্ট থেকে এই পরিসংখ্যান মিলেছে।
তবে, সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে দেশে সুস্থতার হারও। ১৫ লক্ষের উপর আক্রান্ত এরই মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৪ হাজার ৮৫৯ জন। সোমবারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ভারতে সুস্থতার হার ৭০ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, করোনায় ভারতে মৃত্যুহার এখন ২ শতাংশের কাছাকাছি। ১৭ জুলাই ভারতে করোনা আক্রান্ত ১০ লক্ষের গণ্ডি অতিক্রম করেছিল। ওই দিন পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত ছিল ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। মৃত্যু হয়েছিল ২৫ হাজার ৬০২ জনের। ৭ অগস্ট ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ২০ লক্ষ ২৭ হাজার ৭৪। কোভিডে মৃত্যু বেড়ে হয় ৪১ হাজার ৫৮৫ জন।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
