কাশ্মীরের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ খবরের সত্যতা স্বীকার করে জানান, বিডিসির চেয়ারম্যান ভূপিন্দর সিং বুধবার তাঁর পৈতৃক বাড়িতে যাওয়ার সময় ব্যক্তিগত দুই দেহরক্ষীকে খাগ থানায় অপেক্ষা করতে বলেছিলেন। কাজের সূত্রে শ্রীনগরের অলোচিবাগে থাকলেও পারিবারিক প্রয়োজনে বুধবার তিনি বডগামে নিজের গ্রামের বাড়িতে এসেছিলেন। তাঁর সঙ্গে যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকছে না, খাগ থানার পুলিশ অফিসারকেও তিনি এ বিষয়ে জানাননি।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে ফের এনকাউন্টার, খতম জইশ জঙ্গি
রাতে কাশ্মীর পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বডগামের খাগের বিডিসি চেয়ারম্যানের দু’জন দেহরক্ষী ছিলেন। ডিপিএল বডগাম থেকে তাঁকে সর্বক্ষণের নিরাপত্তার জন্য এই দুই দেহরক্ষী দেওয়া হয়েছিল। বুধবার শ্রীনগর থেকে বডগামের দলওয়াশ গ্রামের পৈতৃক ভিটেয় যাওয়ার সময়, দুই দেহরক্ষীকে তিনি খাগ থানার সামনে গাড়ি থেকে নামিয়ে দিয়ে যান। থানাতেই তাঁদের বিশ্রাম নিতে বলেন। সেই সুযোগ নিয়েই বুধবার রাত পৌন আটটা নাগাদ বন্দুকধারী সন্ত্রাসবাদীরা ভূপিন্দরের গ্রামের বাড়িতে হানা দিয়েছিল।
আরও পড়ুন: বডগামে ফের গুলির লড়াই, বাহিনীকে পাথর ছুড়ে জঙ্গিদের সুরক্ষা দিল কাশ্মীরি যুবকেরা
সূত্রের খবর, নির্দলের প্রতীকে ভোটে জিতে তিনি খাগের বিডিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ঘটনার পর গোটা এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে অভিযান শুরু হয়েছে। তবে, গভীর রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি। পুলিশের দৃঢ় ধারণা, এই হত্যাকাণ্ডের পিছনে জঙ্গিযোগই রয়েছে। এই ঘটনায় লোকাল কোনও জঙ্গি যে ইনফর্মারের কাজ করেছে, পুলিশ সে বিষয়ে নিশ্চিত।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন
