নিজস্ব প্রতিবেদন: ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে দু’টি সন্ত্রাসের মামলায় ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাকিস্তানের আদালত। চলতিবছর এনিয়ে চতুর্থবার দোষী সাব্যস্ত হল হাফিজ। আদালতের এক আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত বৃহস্পতিবার জামাত-উদ-দাওয়ার প্রধান-সহ ৪ জনকে আরও দু’টি মামলায় সাজা দিয়েছে। হাফিজ সইদ ও তার দুই সহযোগী জাফর ইকবাল, ইয়াহা মুজাহিদকে সাড়ে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। হাফিজের শ্যালক আবদুল রেহমান মাক্কিকে দেওয়া হয়েছে ৬ মাসের কারাবাস।
এটাই প্রথম নয়, ইতিমধ্যেই সন্ত্রাসে অর্থ জোগানের মামলায় জামাত-উদ-দাওয়ার প্রধান ও তার সহযোগীদের ১১ বছরের কারাবাস দিয়েছে পাক আদালত। ২৬/১১ মুম্বই হামলার মূল কাণ্ডারী হাফিজ সইদ। ওই ঘটনায় মারা যান ১৬৬ জন। আহত হন শতাধিক। তাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’র তকমা দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র। তার মাথার দাম ১০ মিলিয়ন মার্কিন ডলার। গতবছর জুলাইয়ে সন্ত্রাসে অর্থ জোগানের মামলায় গ্রেফতার হয় হাফিজ। লাহোরের কোট লাখপত জেলে উচ্চ-নিরাপত্তায় রাখা হয়েছে সন্ত্রাসবাদী হাফিজ সইদকে।