এই সময় ডিজিটাল ডেস্ক: ওডিশার বালেশ্বর জেলা থেকে একটি বিরল এবং ইউনিক
হলুদ কচ্ছপ উদ্ধার করল বন দফতর। রবিবার ওই জেলার সোরো ব্লকের সুজনপুর গ্রামের একটি কৃষি জমি থেকে বিরলতম এই কচ্ছপটি উদ্ধার করা। বন দফতরের এক কর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া কচ্ছপটি একেবারেই বিরল। এর আগে তিনি কখনও এমন কচ্ছপ দেখেননি।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে নিজের ক্ষেতে চাষ করছিলেন সুজনপুর গ্রামের বাসিন্দা বাসুদেব মহাপাত্র নামে এক ব্যক্তি। তিনি প্রথমে হলুদ রঙের ইউনিক ওই কচ্ছপটিকে দেখতে পান। সেটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। এদিকে, বিরল এই কচ্ছপটিকে দেখার জন্য তাঁর বাড়িতে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করে। এর মধ্যে বন দফতরে খবর দেন বাসুদেব। খবর পেয়ে ওই গ্রামে এসে বন দফতরের কর্মীরা কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান।
সাম্প্রতিক সময়ে ওডিশায় কচ্ছপ চোরাচালানের ঘটনা বাড়ছে। গত মাসেই নবরংপুর জেলার মৈদলপুর এলাকা থেকে ৯৫টি বিরল কচ্ছপ উদ্ধার করেছিল বন দফতর। কচ্ছপগুলিকে একটি ব্যাগের মধ্যে ভরে বাইকে করে চোরাচালান করা হচ্ছিল। সে সময় বন দফতরের কর্মীরা সেগুলি উদ্ধার করেন।
উল্টোদিকে, বিরল এবং ইউনিক হলুদ কচ্ছপটিকে পেশায় কৃষক বাসুদেব মহাপাত্র যেভাবে নিজ উদ্যোগে বন দফতরের হাতে তুলে দিয়েছেন তার প্রশংসা করেছেন সরকারি আধিকারিকরা। এই প্রসঙ্গে বন দফতরের কর্তা বি আচার্য সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটি বিরল একটি কচ্ছদ। আগে কোনও দিন এমন কচ্ছপ আমি দেখিনি।’
Source link