হাইলাইটস
- ফের বহুতল ভেঙে পড়ল মহারাষ্ট্রে
- মহারাষ্ট্রে রায়গঢ় জেলায় সোমবার সন্ধ্যায় পাঁচতলা আবাসন ভেঙে পড়ে
- জখম হয়েছেন ১৫ জন
- ধ্বংসস্তূরে আটকে ৭০ জন
- ঘটনাস্থলে রওনা দিয়েছে এনডিআরএফের একটি টিম
- জুলাই মাসে মুম্বইয়ে বহুতল ভেঙে ৯জন মারা যান
মুম্বই থেকে গাড়িতে প্রায় চার ঘণ্টা সময় লাগে রায়গঢ় জেলার মহাড়ে পৌঁছতে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, NDRF-এর তিনটি টিম দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধব ঠাকরে সরকারের মন্ত্রী অদিতি তাতকরে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।
NDRF-এর এক আধিকারিক জানিয়েছেন, সোমবার (২৪ অগস্ট) সন্ধে সাড়ে ৬টা নাগাদ মহারাষ্ট্রের রায়গঢ় জেলার মহাড় তহশিলে পাঁচতলা অবাসিক বাড়িটি আচমকা ভেঙে পড়ে। এনডিআরএফের ওই আধিকারিকের দাবি, ধ্বংসস্তূপের নীচে ৫০ জন আটকে রয়েছেন। উদ্ধারকাজ চালাতে এনডিআরএফের তিনটি টিম প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সম্পূর্ণ প্রস্তুত হয়ে রওনা দিয়েছে।
ছবিতে দেখা গিয়েছে, দুর্ঘটনাস্থল ধুলোর মেঘে ঢাকা পড়েছে। ছবিতে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুর্ঘটনাকে মর্মান্তিক হিসেবে উল্লেখ করে জানান, কেন্দ্রীয় উদ্ধারকারী দল, এনডিআরএফের ডিরেক্টর জেনারেলের সঙ্গে তাঁর কথা হয়েছে। উদ্ধারকাজ দ্রুত শেষ করতে সবরকম সহযোগিতা করতে বলা হয়েছে।
ভারতে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারী বর্ষণের কারণে একাধিক ছোট-বড় বাড়ি বিপজ্জনক হয়ে ওঠে। যার জেরে মাঝমধ্যেই দুর্ঘটনা ঘটে। গত জুলাইতেই মুম্বইয়ে ভারী বৃষ্টির কারণে একটি বহুতল ভেঙে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
