সূত্রের খবর, চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারের পর প্যারিস সাঁ-জাঁ’র বেশ কয়েক জন খেলোয়াড় ছুটি কাটাতে ইবিজায় গিয়েছিলেন। সেখানে নেইমার তাঁর ছেলে ও বাবাকে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই কোভিড ধরা পড়েছে তিন ফুটবলারের শরীরে। ডি মারিয়া ও লিয়েন্দ্রো পারেদেসের ‘পজিটিভ’ আসায় নেইমারকে নিয়ে শঙ্কা ছিলই। কারণ, এই দু’জনের কাছাকাছি ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ওই স্প্যানিশ দ্বীপেই ছিলেন গোলরক্ষক কেইলর নাভাস ও আন্দ্রে হেরেরার মতো তারকারাও। তবে বাকিদের কারো করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়নি।
যদিও, মঙ্গলবার লেকিপ ছেপেছিল, তৃতীয় খেলোয়াড়টি আর্জেন্টাইন স্ট্রাইকার মার্কো ইকার্দি। তবে এদিন ফরাসি সংবাদমাধ্যমটি নিশ্চিত করে নেইমারের নাম জানায়। তাদের দাবি, করোনা ‘পজিটিভ’ হওয়ার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখন আইসোলেশনে আছেন।
আরও পড়ুন: ধোনি আসলে ক্রিকেটের যোগী, রেজাল্ট থেকে অদ্ভুত ভাবে নিজেকে সরিয়ে রাখে: শ্রীনাথ
আরও পড়ুন:‘সব ফরম্যাটেই হাই তুললেন সরফরাজ!’ ফের ট্রোল-নিশানায় পাক ক্রিকেটার
ইএসপিএন-এর রিপোর্টে জানানো হয়েছে, ইকার্দির রিপোর্টও পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে। তিনিও স্প্যানিশ দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন।
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলায় পিএসজি’র এ বারের মরশুম দেরিতে শুরু হচ্ছে। তাদের প্রথম ম্যাচ দু-দফায় পরিত্যক্ত হয়েছে। নতুন সূচিতে ১০ সেপ্টেম্বর ফরাসি লিগের প্রথম ম্যাচে তারা লঁসের বিরুদ্ধে মাঠে নামবে। তার আগে একসঙ্গে তিন খেলোয়াড়ের করোনা পজিটিভ উদ্বেগ বাড়িয়েছে প্যারিস সাঁ-জাঁ শিবিরে। এ ভাবে যদি কোভিড-১৯ পজিটিভের তালিকা লম্বা হতে থাকে তবে স্থগিত হতে পারে ম্যাচটি। কারণ, লিগ ওয়ান কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছে টিমের চার সদস্যের বেশি খেলোয়াড় করোনা আক্রান্ত হলে, ম্যাচ স্থগিত করা হবে।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।