হাইলাইটস
- এখন থেকে ব্রাজিলের পুরুষ ও মহিলা ফুটবল দলের সব খেলোয়াড় সমান বেতন পাবেন।
- মরসুমের প্রস্তুতি চলাকালীনও মহিলা-পুরুষ উভয় দলকেই সমান দৈনিক ভাতা দেওয়া হবে।
- এই একই নিয়ম কার্যকর থাকবে বিশ্বকাপ ও অলিম্পিকের মতো আসরেও।
সিবিএফের সভাপতি রোজারিও কাবোক্লো উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘আমরা এই সিদ্ধান্ত কয়েক মাস আগেই নিয়েছিলাম। চলতি বছরের মার্চ থেকেই পুরুষ ও মহিলা ফুটবল দলের পুরস্কার ও দৈনিক ভাতায় সমতা কার্যকর হয়েছিল। এবার তা সামনে আনা হল।’
তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত সাময়িক নয়। এই একই নিয়ম কার্যকর থাকবে বিশ্বকাপ ও অলিম্পিকের মতো আসরেও। সিবিএফ-এর তরফে জানানো হয়েছে, পুরুষ-মহিলা দলের বেতন বৈষম্য থাকছে না ফুটবলের কোনও আসরেই। সেই অনুযায়ী, আগামী বছরের অলিম্পিকের আসরেও ব্রাজিলের পুরুষ ও মহিলা ফুটবল দল সমান অর্থ পাবে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের এই সিদ্ধান্তে রীতিমতো উচ্ছ্বসিত ব্রাজিলের মহিলা ফুটবল দলের কোচ পিয়া সুন্ধগে বলেন, ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’ কনফেডারেশন কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এই সিদ্ধান্ত ফুটবলে লিঙ্গ ভিত্তিক সাম্যতা আনার ক্ষেত্রে প্রথম ধাপ।
ব্রাজিলই অবশ্য প্রথম নয়, এর আগে অস্ট্রেলিয়া, নরওয়ে ও নিউ জিল্যান্ডেও জাতীয় মহিলা ও পুরুষ ফুটবলারদের সমান বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাঁচ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল এমনিতেই বিশ্ব ফুটবলের অন্যতম শাসক। তবে, এক্ষেত্রে পিছিয়ে নেই মহিলারাও। তাঁদের সাফল্যও যথেষ্ট সম্মানজনক। ব্রাজিলের মহিলা ফুটবল দল ২০০৭ সালের বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল। এছাড়াও ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে দ্বিতীয় স্থান অর্জন করেছিল তাঁরা। উল্লেখ্য, গত মার্চ থেকে ব্রাজিলের জাতীয় মহিলা দল কোনও ম্যাচ খেলেনি। করোনাভাইরাসে জেরবার ব্রাজিল। যদিও এরই মধ্যে এমন একটি ঘোষণা অত্যন্ত সাধুবাদযোগ্য বলেই মনে করছে ফুটবল বিশ্ব।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।