
বিরোধী শিবির ছেড়ে তৃণমূলের ছত্রছায়ায়
তৃণমূলের কিষাণ ক্ষেতমজুর সংগঠনের নেতা হাবিবুর রহমানের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন যোগদানকারীরা। তৃণমূলের শক্তি বাড়িয়ে হাবিবুর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় সামিল হতেই এঁরা তৃণমূলে যোগ দিলেন। মানুষের পাশে থাকতে এবং এলাকার উন্নয়ন ঘটাতেই এঁরা বিরোধী শিবির ছেড়ে তৃণমূলের ছত্রছায়ায় এলেন।

শুভেন্দুর গড়ে পাঁচ পঞ্চায়েত সদস্যও তৃণমূলে
শুভেন্দুর গড়ে শতাধিক কর্মীর মধ্যে ছিলেন পাঁচ পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্যদের যোগদানে তৃণমূল বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও শক্তি বাড়াল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপনকুমার ঘোড়া, সহ সভাপতি রাজকুমার কুণ্ডু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে জেলায়
সম্প্রতি তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে জেলায় জেলায়। প্রতিদিনই কোনও না কোনও জেলায় যোগদান হচ্ছে তৃণমূলে। সম্প্রতি বিজেপির একটা বড় উইকেটও পড়েছে। বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। আরও দুই উইকেট পড়ার অপেক্ষা বলে সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে ভাঙনের খেলা
বিজেপিও ছেড়ে কথা বলার পাত্র নয়। সুযোগ পেলেই বিজেপি ধাক্কা দিচ্ছে তৃণমূলকে। কয়েকদিন আগে শুভেন্দু-গড়েই তৃণমূল ভেঙে বিজেপিতে নাম লেখান শতাধিক নেতা-কর্মী। ২০২১-এর আগে তৃণমূল ও বিজেপির মধ্যে এই ভাঙনের খেলা এখন চলতেই থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
