পঞ্জাবের অবোহর সেক্টর থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের বিশদ তালিকা শনিবার ট্যুইটারে শেয়ার করেছে বিএসএফ। ট্যুইটার বার্তায় বিএসএফ বলে, তাদের সতর্ক বাহিনী আরও একবার রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বিফল করে দিয়েছে। বিএসএফ আধিকারিকদের দাবি, পাকিস্তান থেকে ওই আগ্নেয়াস্ত্র পঞ্জাবে ঢুকেছে অবোহর সেক্টর দিয়ে।
চলতি বছর এখনও পর্যন্ত পঞ্জাব ফ্রন্টিয়ারের বিএসএফ ৩৯৪.৭৪২ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে। অবৈধ ভাবে ভারতীয় সীমান্ত পেরোতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েছে ৭৭ জন। এর মধ্যে ১০ জন পাকিস্তানি অনুপ্রবেশকারী রয়েছে। শনিবার হিসেবে ধরে ৩২ ধরনের অস্ত্র, ৫৭ ধরনের ম্যাগাজিন, বিভিন্ন ক্যালিবারের ৬৫০ রাউন্ড গুলি, ৬ পাকিস্তানি মোবাইল ফোন এবং ১০টি পাকিস্তানি সিম কার্ড বাজেয়াপ্ত করেছে বিএসএফ।
ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের ২.৬৫ লক্ষ জওয়ান অতন্দ্র পাহারায় রয়েছে।
