আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ জুলাই পর্যন্ত প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশের উপরে অবস্থানের কারণে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস পাওয়া পর সতর্ক প্রশাসনিক কর্তারাও। তৈরি থাকতে বলা হয়েছে থানা এবং স্থানীয় প্রশাসনিক অফিসারদেরও।
উত্তরের পাশাপাশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও। ১২ জুন দুই বঙ্গেই বর্ষার আগমন ঘটেছে। তার পর থেকে এখনও পর্যন্ত উত্তরে যেন থামতেই চাইছে বর্ষা। এই বছর যেন লম্বা ইনিংস খেলতে নেমেছে। তবে, উত্তরে বৃষ্টি হলেও, কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি হরয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন এমনই আবহাওয়া থাকবে।
সোমবার দুপুর থেকে ঝাড়গ্রামে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। পরপর বাজ পড়তে থাকে। এমনই তিনটি জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের। শুধু তাই নয়, আহত হয়েছেন ২২ জন! সকাল থেকেই বৃষ্টি নামে ঝাড়গ্রামে। দুপুরের পর বৃষ্টির পরিমান যেমন বাড়তে থাকে, তেমনি শুরু হয় পরপর বজ্রপাত। দুপুর ১টার নাগাদ পরপর বজ্রপাতে ঝাড়গ্রামের তিন জায়গায় মৃত্যু হয় ওই ৫ জনের।
