এদিন কাশ্মীর পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বিজেপি নেতা ওয়াসিম বারি, তাঁর বাবা ও ভাইয়ের হত্যাকারী লস্কর জঙ্গি বারামুলা এনকাউন্টারে নিহত হয়েছে। মঙ্গলবার বারামুলা জেলার ক্রিরি অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে তৃতীয় যে সন্ত্রাসবাদী নিহত হয়, সে-ই লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার। নাম উসমান। লস্করের এই কম্যান্ডার বিদেশি বলে নিশ্চিত করা হয়। কাশ্মীরের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার নিশ্চিত করেন, ৮ জুলাই রাতে কাশ্মীরের বান্দিপোরায় এই উসমানই বিজেপি নেতা ওয়াসিম বারি, তাঁর বাবা ও ভাইকে খুন করে।
সোমবার সাজাদ হায়দার-সহ আরও দুই সন্ত্রাসবাদীকে খতম করা হয়। পুলিশের দাবি, নিহত সাজাদও লস্করের শীর্ষ কম্যান্ডার। সক্রিয় ছিল উত্তর কাশ্মীরে। সোমবার ক্রিরি এলাকায় যৌথ নাকা পার্টির উপর হামলা চালানোর সময় এনকাউন্টারে নিহত হয় সাজাদ ও তার এক সঙ্গী। ওই হামলায় সিআরপিএফের দুই জওয়ান-সহ বাহিনীর তিন সদস্যও শহিদ হয়েছেন।
পুলিশের দাবি, উসমান ওয়াসিম বারিদের খুন করলেও বান্দিপোরার এই ঘটনার মূলচক্রী ছিল সাজাদ হায়দার। কাশ্মীরি যুবকদের জঙ্গিদলে শামিল করার দায়িত্বও ছিল তার কাঁধে। পুলিশ, নিরাপত্তা বাহিনী, সাধারণ মানুষ ও রাজনীতিকদের উপর হামলার একাধিক ঘটনায় এই হায়দারের সক্রিয় যোগ ছিল।
বারামুলার ক্রিরি জেলায় সোমবার সকাল থেকে ৩৬ ঘণ্টা ধরে অপারেশন চলে বাহিনীর। তৃতীয় মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি উসমানকে খতম করার পরেই এই অভিযান শেষ হয়। এই উসমান পাকিস্তানের নাগরিক বলে কাশ্মীর পুলিশ দাবি করে।
পুলিশ সূত্রে খবর, উসমান আদব-কায়দায় ছিল বুরহান ওয়ানির মতো। সাজায় হায়দারের সহযোগী হিসেবে সোপোর শহরে কাজ করত। উত্তর কাশ্মীর জুড়ে ছিল তার সক্রিয়তা। একাধিক হামলায় পুলিশের খাতায় সে ছিল মোস্ট ওয়ান্টেড জঙ্গি। বহু সাধারণ মানুষের হত্যার ঘটনায় উসমান যুক্ত ছিল।
