
২১-এর রণকৌশল ঠিক করতে ভার্চুয়াল বৈঠক
ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, ২০২১-এ রাজ্যে তৃণমূলের মূল প্রতিপক্ষ হতে চলেছে বিজেপি। সেই বিজেপির রণকৌশল তৈরির জন্য দিলীপ ঘোষ আর মুকুল রায়দের জরুরি তলব করা হয়েছে দিল্লিতে। ঠিক সেই সময় ভিডিও কনফারেন্সে নেতা, মন্ত্রী, জেলার পর্যবেক্ষক, সভাপতিদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন দলের সুপ্রিমো।

গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ কয়েকটি জেলা
মুখ্যমন্ত্রী ২১ জুলাইরের ভার্চুয়াল সভা থেকে ২০২১-এর নির্বাচনে ফিরে আসার সংকল্পের কথা জানালেও, বেশ কয়েকটি জেলার পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে রয়েছে তৃণমূল নেতৃত্ব। মালদহ, নদিয়া, হুগলি-সহ একাধিক জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব দলকে উদ্বেগে রেখেছে বলেও খবর।

রেশন ও আম্ফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ
রাজ্যের সর্বত্রই কোথাও না কোথাও রেশনে দুর্নীতির অভিযোগ উঠেছে। অন্যদিকে দক্ষিণের ৬ জেলায় আম্ফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে। যদিও পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী বলেছেন, ৯৯ শতাংশ ক্ষতিগ্রস্তের হাতে পৌঁছে গিয়েছে ত্রাণের টাকা। অন্যদিকে পঞ্চায়েত স্তরে বেশ কয়েকজনকে সরিয়ে দেওয়ার ব্যবস্থাও করেছে তৃণমূল। এইসব বিষয় ২০২১-এর লড়াইয়ে কাঁটা হয়ে উঠতে পারে, বিলক্ষণ জানে তৃণমূল নেতৃত্ব।

দায়িত্ব বাড়তে পারে শুভেন্দু অধিকারীর
দলের মধ্যে শুভেন্দু অধিকারী নিজের দফতর আর জেলা নিয়েই ব্যস্ত রয়েছেন। ২০২১-এর লক্ষে তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়ার হতে পারে বলেও মনে করছেন দলের অনেকে। তবে শেষ সিদ্ধান্ত নেবেন দলের সুপ্রিমো।
