হাইলাইটস
- কানপুরে এনকাউন্টার চলাকালীন প্রাণ গেল অন্তত ৮ জন পুলিশকর্মীর।
- তাঁদের মধ্যে ছিলেন একজন ডেপুটি সুপারিনটেনডেন্টও।
- শুক্রবার সকালে এ কথা উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, চৌবেপুর থানার অন্তর্গত ডিকরু গ্রামে কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে ধরার জন্য অভিযান চালিয়েছিল পুলিশ। ৬০টিরও বেশি অপরাধের মামলায় অভিযুক্ত বিকাশ। লুকিয়ে থাকা অপরাধীকে ধরতে পুলিশের একটি দল এগোনো শুরু করলেই তাদের দিকে ধেয়ে আসে গুলিবৃষ্টি। একটি বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয়। তার জেরে মৃত্যু হয় ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র, তিন সাব ইনস্পেক্টর ও চারজন কনস্টেবলের।
গোটা ঘটনা সম্পর্কে সবিস্তার জানান উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল এইচসি অবস্থি। পুলিশ যে হানা দিতে চলেছে, অপরাধী সে সম্পর্কে আগাম খবর পেয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। বলেন, বিরাট বাহিনী নিয়ে অভিযান চালানো হয়েছিল। কিন্তু লুকিয়ে থাকা অবস্থান থেকে অপরাধী যে এ ভাবে গুলি ছুড়বে, তা ঠাহর করতে পারেনি পুলিশ। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা), আইজি কানপুর ও কানপুরের সিনিয়র এসপি। ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ডিজিপি জানিয়েছেন, পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সও রয়েছে ঘটনাস্থলে।
নিহত পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তিনি গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। অপরাধীর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
