শনিবার রাজ্যের কোভিড বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২ হাজার ৪০৪ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত করা গিয়েছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ হাজার ৩৭৭ জন। এর মধ্যে অ্য়াকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৩৯১ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ১২৫ জন। ফলে করোনাকে জয় করে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ৩৫ হাজার ৬৫৪ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৬৩.২৪ শতাংশ।
এ দিকে, রাজ্যে এ দিন সর্বাধিক করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ৪২ জন। ফলে এই মারণ ভাইরাসে এখনও পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জন প্রাণ হারালেন।
সংক্রমণের শৃঙ্খল ভাঙতে বৃহস্পতিবারের পরে আজ, শনিবারও রাজ্যজুড়ে লকডাউন চলছে। নির্দেশিকা কার্যকর করতে তৎপরতা দেখা গিয়েছে প্রশাসনের মধ্যে। অকারণে রাস্তায় বের হওয়ায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আগামী দিনেও সাপ্তাহিক দু’ দিনের লকডাউন যদি এমনই ভালো ভাবে মেনে চলা হয়, তবেই মিলবে এর সুফল।
আরও পড়ুন: ১ ঘণ্টায় কোভিড টেস্টের রিপোর্ট, খরচ ₹400! IIT খড়গপুরের ২ বাঙালি গবেষকের আবিষ্কারে হইচই
বিশেষজ্ঞদের মতে, লকডাউন সফল হলে মাসখানেক পরে বাংলায় প্রতিদিন হয়তো গড়ে তিন হাজার কোভিড পজিটিভও মিলবে না। এবং পুজোর পর সংখ্যাটা দু’ হাজারেরও কম আর ডিসেম্বরের পর তা ৫০০-রও নীচে নেমে আসতে পারে।
