
বারুইপুরে বিতর্কিত মন্তব্য অনুপম হাজরার
রবিবার বারুইপুরে দলের কর্মসূচিতে গিয়েছিলেন অনুপম হাজরা। সেখানে অনেক বিজেপি কর্মীর মুখে মাস্ক ছিল না। এই বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুপম হাজরা বলেন, বিজেপি কর্মীরা করোনার থেকে অনেক বড় ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন। সেটা হল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এই করোনায় তাঁদের কিছু হবে না। তারপরেই অনুপম হাজরা বলেন, তাঁর যদি কোনও দিন করোনা হয়, তাহলে প্রথমে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন।

অধীর চৌধুরীর সমালোচনা
অনুপম হাজরার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর হাজারো অভিযোগ ছিল, আছে, থাকবে। কিন্তু তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার কোনও অধিকার নেই। একইসঙ্গে তিনি বলেন, এই ধরনের অশালীন মন্তব্যকে ভারতী সংস্কৃতির অপমান বলেই মনে করেন তিনি।

বিজেপির কাছে ক্ষমা চাওয়ার আর্জি
অধীর চৌধুরী বলেছেন, প্রাক্তন তৃণমূল সাংসদ, অধুনা বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা একদিন এই দিদিকে দেবী বলতেন। তাঁর দয়ায় সাংসদ হয়েছিলেন। বিজেপির প্রতি আবেদন করে তিনি বলেন, বিজেপি পার্টি ক্ষমা চাও। বাংলায় এসব চলবে না।

মন্তব্য প্রসঙ্গে মুকুল রায়
দলীয় অনুষ্ঠানে যাওয়া মুকুল রায়কে অনুপম হাজরার মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। সেখানে মুকুল রায় বলেন, যাঁরা দায়িত্বপূর্ণ লোক, তাঁদের কোনও কথা বলার আগে নিশ্চয়ই সতর্ক থাকা উচিত।